
মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালিবাজারের ঐতিহ্যবাহী খাল পুনখননের দাবিতে মানববন্ধন
মোঃ নাসির উদ্দীন(নাহিদ) তালুকদার
জেলা প্রতিনিধি মাদারীপুর।
মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কালিবাজারের মধ্য দিয়ে প্রবাহিত জনগুরুত্বপূর্ণ খালটি জরুরি ভাবে পুনখনন ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও গণদাবি উত্থাপন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সোমবার (৩০ মার্চ) কালিবাজার এলাকায় আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, এক সময়ের প্রমত্তা এই খালটি বর্তমানে দখল ও ময়লা ফেলে ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে ব্যাহত হচ্ছে না, স্থানীয় কৃষি ও ব্যবসা-বাণিজ্য। দ্রুত এই খালটি খনন করা না হলে কালিবাজারের ঐতিহ্য ও পরিবেশ হুমকির মুখে পড়বে।এই কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী সৈয়দ এনায়েত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান খান, ব্যবসায়ী ইসলাম জমাদ্দার, সাখাওয়াত হোসেন লিটন, মোঃ সাইদুর রহমান মুন্সীসহ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য এবং জেলা প্রশাসককে এই জনহিতকর কাজটি দ্রুত বাস্তবায়নের জন্য বিশেষভাবে অনুরোধ জানান।