
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান
পি.এম.সবুজ, মাদারীপুর জেলা প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধ ও মশার বংশবিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদারীপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সামসুন্নাহার ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীদের অংশগ্রহণে এ অভিযান অনুষ্ঠিত হয়।
অভিযানে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে কোথাও পানি জমে থাকতে না দেওয়া, পুরোনো টায়ার ও বিভিন্ন পাত্র পরিষ্কার রাখা, ড্রেন-নালা সচল রাখা এবং নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার বিষয়ে সচেতন করা হয়।
অভিযানের মূল প্রতিপাদ্য ছিল—‘সচেতন হোন, ডেঙ্গু প্রতিরোধ করুন’। এ সময় নিজের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার বংশবিস্তার রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রীতি দাশের নেতৃত্বে অভিযানে অংশ নেন সিনিয়র শিক্ষক আলী আব্বাস, সুরঞ্জন পান্ডে, শ্যামলী রানী মন্ডল ও দ্বিজেন্দ্রনাথ মন্ডল। এ ছাড়া সহকারী শিক্ষক নাজমুল ইসলাম, সেতু ও আব্দুস সামাদসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অভিযানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতাবোধ জাগ্রত করা এবং ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।