
মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের বিচার সালিসের মধ্যেই আবার ও সংঘর্ষ থমথমে পরিস্থিতি, অতিরিক্ত পুলিশ মোতায়েন।
নিজস্ব প্রতিবেদক
আজ (১ এপ্রিল ২০২৬), বুধবার
মাদারীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের থানতলী ও পাগদী এলাকায় দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত চলা এ সংঘর্ষে এলাকা জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে ‘চেয়ারে বসা’ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। সেই ঘটনারই সালিশ বৈঠক চলাকালে আবারও তর্ক-বিতর্ক শুরু হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে উভয়পক্ষই বাড়িঘর ভাঙচুর, দোকানপাটে লুটপাটসহ ব্যাপক সহিংসতায় জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পাশাপাশি বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে এতে সাংবাদিক ও পুলিশ সহ বেশ কিছু লোক আহত হয়েছেন আহতদের মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
সংঘর্ষের সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ, ডিবি, র্যাবসহ অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে যৌথ অভিযান চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুরো এলাকাজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ। এদিকে সংঘর্ষের পর রাত পর্যন্ত পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত ছিল।
এ ঘটনার তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থান বজায় রেখেছে।